২৪ মে, ২০১১

আর কেউ নেই


আমায় কোন প্রশ্ন করতে যেয়ো না,
জবাব দেয়ার অবস্থা আর নেই।
বলার যদি থাকে কিছু তবে তাই-
বলে যাও অকপটে, অম্লানে,
প্রতিবাদের অবস্থা আর নেই।

যেতে চাও যদি, যেতে পার চলে।
বাইরে কি বিরাট কর্মযজ্ঞ,
দলে-দলে সব ছুটছে আহুতি নিয়ে।
বিশাল অগ্নিকুন্ডে-
ছুঁড়ে ছুঁড়ে দেবে নিজেদের যত জ্ঞান।
যন্ত্রের মত একসুরে সব মন্ত্র বলবে আর-
হতে চাইবে শত সফলের একজন।
তুমি কেন বসে রবে?
আমি দলছুট, আমি ত্যাজ্য!
তোমায় বাঁধব সে উপায় আর নেই।

যেতে যেতে কেন ফিরলে একটিবার?
পিছুটান?  নাকি শুধুই করুণা করে-
পথের মাঝে থামলে একটুক্ষন?
চারিদিকের এই সফল হবার যুদ্ধে,
অন্যরা তো এগিয়ে যাবে অনেক।
পিছিয়ে পড়বে, যদি থাম এখন।
থামার সময় এখন কারোরই নেই।

তুমি চলে গেলে?
জীবন স্রোতে-আরেক সাঁতাড়ু হয়ে,
তুমিও নামলে সফল হওয়ার আশায়!
এখন আমি মুক্ত হয়েও রিক্ত!
এক এক করে থাকল না আর কেউই।
আজ যদি হয়ে হঠাৎ অশ্রুসিক্ত-
কান্নার স্রোতে অলক্ষ্যে ডুবে যাই,
কে নিয়ে যাবে ভাসিয়ে আমায় তীরে?
কান্না আমার দেখার আজ কেউ নেই।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন