৩০ অক্টোবর, ২০১৩

বাঁচা

অন্য কোনখানে নয়, এই পৃথিবীতে-
সকল আহ্লাদ স্বাদ, জীবনের সব প্রয়োজন
যদি চাই পূর্ণ করে নিতে,
সময় কোথায় তার?
যদি হয় শুধু বসে মিছে আয়োজন,
বয়ে চলে অবিরত জীবনের ভার!

যে জোনাকি জ্বলে-নেভে, নিভে যায়
নিকষ আঁধারের বুকে
যে কুকুর অনাহারে, ধুলোর বিছানা 'পরে
মরে ধুঁকে ধুঁকে,
যে পাখি ঝাপটে ডানা খাঁচা ভেঙে উড়ে যেতে চায়
তফাৎ কোথায় তার সাথে এই মানুষের মতন বাঁচায়?

দুই পায়ে চলা পশু
দুই হাতে ভাঙতে গিয়ে জীবনের খাঁচা
পঙ্গু হয়ে নির্জীব পড়ে রয় একা।
অনন্ত আকাশখানি হয়না তো দেখা।
নিজেরে প্রবোধ দেয়, এই হল মানুষের মত হয়ে বাঁচা!



(২০১২)