২৬ আগস্ট, ২০১৩

ব্যর্থ পূর্ণিমা

আমি বহুদিন ধরে,
বুকের জমাট দুঃখ পাজরের ভেতরে লুকিয়ে রেখে
বসে আছি বড় আশা করে।
কোন এক পূর্ণিমার রাতে,
হবে হয়তো এমনই এক চাঁদময় রাতে
আমার সকল কান্না শুষে নেবে মায়াবী আঁধার
জমে থাকা কষ্ট সব গলে গিয়ে মিশে যাবে আর
ভেসে যাবে কোমল সে আলোকের স্রোতে!

প্রতিমাসে একবার,
সন্ধ্যার আকাশে চেয়ে খুঁজে ফিরি
উঠল কিনা দুঃখহারী হাসিমাখা চাঁদ।
কত মাস কেটে যায়,
ছোট চাঁদ বড় হয়ে ফের ছোট হয়!
নরম রূপার চাঁদ আলোর অশ্রু ঢেলে হাহাকার করে
বলে ওঠে, "কাঁদ, তুই কাঁদ!"

২৪ আগস্ট, ২০১৩

কেমন আছ তুমি?


কেমন আছ তুমি?
এতদিন পরে,
চোখ রেখে চোখের উপরে
মৃদুস্বরে, ভালবাসা-আবেগ লুকিয়ে
যদি রাখি প্রশ্ন তবে তার
কী জবাব দেবে তুমি, শুনতে বড় ইচ্ছা হয় আমার
 
হয়তো তোমার মুখে আছে এক বিষণ্ণ ছায়া
হয়তো ঠোটের কোণে লেগে থাকা
আধো হাসিখানি
বুঝিয়ে বলছে কোন অভিমানী মায়া
হয়তো গভীর বিশ্বাস নয়,
নয় নিয়ে অহেতুক ভয়, এইপানে
পাথরের চোখে তুমি চাইবে যেন
আমি নেই তুমি নেই কেউ কোনখানে
আরও কত কী যে হতে পারে কতভাবে
আমি তার কতটুকু জানি!
 
যে তোমাকে চিনতাম, তার কিছু আজও আছে বেঁচে
বাকি সব ভেঙেচুরে, কোথায় লুকিয়ে পড়ে
কবে গেছে মুছে!
অজস্র ঝড়ের ভিড়ে, ভালবাসা খুঁজে ফিরে
সব নয়, চেয়েছিলে শুধু দুটি হাত
কোথায় ছিলাম আমি, কোথায় ছিলে তুমি
কেটে গেল এতগুলো রাত!
তোমার চোখে কি ভেসে উঠবে সেই ঝড়ের আভাস?
যদি ওঠে, ভুলে যাব সব কথকতা
নির্লজ্জ এই মনে
প্রশ্ন হয়ে জেগে রবে একটিমাত্র কথা
"
কেমন আছ তুমি?"